দক্ষিণ আইচায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ।
- আপডেট : ০৬:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষুধসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের ব্যবস্থাপনায় ভোলার চরফ্যাশন উপজেলার কোস্ট গার্ড আউটপোস্ট চর মানিকায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইনে ২৬৫ জন গরিব ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিতরণ করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।




















