লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট : ০৩:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক-এর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি এবং বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেক উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে প্রশাসন এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি সরকারি সেবাগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন।
অনুষ্ঠানে অন্যানের উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, জাসাস-এর সভাপতি আজাদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় লালমোহন উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তোষজনক অবস্থা বজায় রাখতে নিয়মিত টহল বৃদ্ধি, যানজট নিরসন এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।









