দীর্ঘ সাড়ে আট বছর পর ঢাবি ও সাত কলেজের পথ আলাদা, দায়িত্ব নিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আপডেট : ১১:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে রাজধানীর সরকারি সাত কলেজের সকল প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়-দায়িত্ব, ভর্তি সংক্রান্ত তথ্য, ছবি এবং ভর্তি পরীক্ষার ফি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এসব দায়িত্ব হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের কাছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাবির সঙ্গে সাত কলেজের সম্পর্কের অবসান ঘটে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও কলেজের অধ্যক্ষরা।
উপাচার্য সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের সফলতা কামনা করেন।
রাজধানীর সরকারি সাত কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এসব কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল।



















