সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাস্তা নির্মাণ: প্রাচীর নির্মাণে বাধা, উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবক
- আপডেট : ০৮:১২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে কংক্রিটের রাস্তা নির্মাণ হওয়ায় প্রাচীর নির্মাণ কাজে বাধা সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন।
১৯৩৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের সামনে ১৯৮৩ সালে মাটির রাস্তা নির্মাণ করা হয় এবং ২০১৫ সালে পাকাকরণ কাজ শুরু হয়ে ২০১৭-১৮ সালে শেষ হয়। বর্তমানে রাস্তা বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং খেলাধুলার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী দাবি করেছে,
স্কুলের চারপাশে দেয়াল না থাকায় পাকা রাস্তার কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত প্রাচীর নির্মাণের মাধ্যমে আমাদের সুরক্ষা নিশ্চিত করা হোক।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন,স্কুলের জমির উপর দিয়ে রাস্তা যাওয়ায় শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছে। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছি, কিন্তু প্রভাবশালী মহল প্রাচীর নির্মাণে বাধা দিচ্ছে।”
প্রাচীর নির্মাণের ঠিকাদার মোজাম্মেল হোসেন জানান,
কাজ শুরু করতে গিয়ে বাধার মুখে পড়েছি এবং কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান,রাস্তা সরানোর জন্য লিখিত আবেদন করতে বলা হয়েছে। আপাতত দেয়াল নির্মাণের প্রয়োজন নেই, তবে সাময়িকভাবে হালকা বেড়া দেওয়া যেতে পারে।”
শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি,দ্রুত প্রাচীর নির্মাণ কাজ শুরু করে বিদ্যালয়ের পরিবেশ সুরক্ষিত করতে হবে।”



















