জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র্যালি ও আলোচনা সভা
- আপডেট : ০৩:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা) :

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব ” প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লালমোহন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ, সহকারী কমিশনার ভূমি মো. রেজওয়ানুল হক, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.রুহুল আমিন, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস, সিপিপি সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একটি সচেতনতামূলক র্যালি বের করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লালমোহনের স্টেশন ইনচার্জ খোরশেদ আলম। এছাড়া উপস্থিত ছিলেন সিপিপি লালমোহনের ৪ নম্বর ইউনিটের ইউনিট লিডার আব্দুর রাজ্জাক হাওলাদার এবং ১ নম্বর ইউনিটের টিম লিডার জসিম উদ্দিন বাচ্চু।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে জীবন ও সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।
নিউজটি শেয়ার করুন
















