মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল
- আপডেট : ০৯:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৩৯০ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ধরিয়ে দিতে স্থানীয় জনসাধারণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি মোঃ অলিউল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে তিনি লালমোহন পৌরসভার নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতিতে মতবিনিময়কালে স্থানীয়দের কাছে এই সহযোগিতা চান। ওসি মোঃ অলিউল ইসলাম বলেন, মাদক এমন প্রক্রিয়ায় বিক্রি হয়, যা নিয়ন্ত্রণ করা পুলিশের পক্ষেও কঠিন। পুলিশের কাছে তথ্য আছে, ধুমপান করে না, কিন্তু সে মাদক ব্যবসার সাথে জড়িত। আমরা কিছু নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু সমূলে নিয়ন্ত্রণ করতে স্থানীয় সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে। এদের তথ্য পুলিশকে দিতে হবে।
পরে ওসি নয়ানীগ্রামে মাদকস্পটগুলো পরিদর্শন করেন। নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক উপজেলা যুবদল সভাপতি শাহিনুল ইসলাম কবির মাদকস্পটগুলো দেখিয়ে দেন। এসময় নয়ানীগ্রাম সমাজ কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল হাওলাদার, শ্রমিক নেতা আবুল কালাম সর্দার প্রমূখ উপস্থিত ছিলেন।



















