শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার ঘটনায় তানজিল’স সুজ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ
- আপডেট : ১০:০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের কয়েকজন শিক্ষার্থীর ওপর তানজিল’স সুজ শোরুমের মালিক ও কর্মচারীদের অতর্কিত হামলার ঘটনায় প্রতিষ্ঠানটি ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে এবং লিখিতভাবে একটি অঙ্গীকারনামা দিয়েছে।
২৫ মে (রবিবার) দুপুর ৩টায় কলেজ অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায়ের কাছে লিখিত ক্ষমা প্রার্থনা করে তানজিল’স সুজ কর্তৃপক্ষ।
অঙ্গীকারনামায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইমরান খান উল্লেখ করেন:
আমি, মোহাম্মদ ইমরান খান, তানজিল-এর প্রতিষ্ঠাতা, এই মর্মে অঙ্গীকার করছি যে, লক্ষ্মীবাজার এলাকায় আমাদের শোরুমে কোনো ক্রেতা প্রবেশ করলে আমি সর্বদা ভদ্র ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। শিক্ষার্থীদের সঙ্গে কোনো অসদাচরণ করব না।
গত ২৩ মে রাত আনুমানিক ৯:৩০টায় আমার ও এক সেলসম্যানের সঙ্গে সাইমুর রেজা মন্ময়ের একটি ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকব।
তিনি আরও বলেন , ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে চাঁদাবাজি, ইভটিজিং ইত্যাদি যেসব অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
হামলার শিকার শিক্ষার্থী সাইমুর রেজা মন্ময় বলেন:
ঘটনার মীমাংসায় গতকাল সূত্রাপুর থানায় আমাদের ডাকা হয়। সেখানে পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রাথমিক সমাধান হয়। আজ কলেজ প্রশাসনের উপস্থিতিতে শোরুম কর্তৃপক্ষ অধ্যক্ষ মহোদয়ের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছে। আমরা চাই, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন এ ধরনের ঘটনার শিকার না হয়।
উল্লেখ্য, গত ২৩ মে রাত ৯:৩০টায় পুরান ঢাকার তানজিল’স সুজ শোরুমে জুতা কিনতে গেলে কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে বিক্রয়কর্মী ও মালিকপক্ষের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীরা হামলার শিকার হন। ঘটনার পর রাতেই সোহরাওয়ার্দী কলেজের সাধারণ শিক্ষার্থীরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করে।



















