সর্বশেষ
শ্রীনগরে অগ্নিকান্ডে ১৫টি ঘর পুড়ে ছাই
নাজমুল খান সুজন
- আপডেট : ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
শ্রীনগরে একটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ৮টি বসত টিনের ঘর, ৪টি রান্নাঘর ও ৩টি গোয়াল ঘরসহ মোট ১৫টি
ঘর পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত সোয়া ৩ টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া এলাকার বালিট্রা গ্রামের শেখ বাড়িতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, অগ্নিকান্ডের ঘটনায় ওই গ্রামের নূর ইসলাম শেখ, মোতালেব শেখ, সুমন, ইসমাঈল শেখ, যুবায়ের, বহর আলী,দেলোয়ার শেখ, সাইদুল, শরীফ, সুজন শেখ, সুফিয়া বেগমর ঘরসহ আসবাবপত্র পুড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। ধারনা করা হচ্ছে ১৩টি পরিবারের ২৫-৩০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। স্থানীয়রা জানায়, ভোর রাতের দিকে বালিট্রার নূর ইসলাম শেখের বাড়িতে আগুন লাগার খবর শোনতে পান তারা। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শী নূর ইসলাম
শেখের ভাষ্যমতে বিদ্যুতের প্রি-পেইড মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। তন্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর জানান, অগ্নিকান্ডের ঘটনায় বসতবাড়ি ঘর পুড়ে ১৩টি পরিবার এখন সর্বশান্ত। প্রায় ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রাথমিক অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। এ সময় শ্রীনগর থানার ওসি মোহাম্মদ ইয়াসিন মুন্সী ও উপজেলার পিআইও অফিসার উপস্থিত ছিলেন। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সব মিলিয়ে ছোট-বড় ১৫টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। অগ্নিকান্ডের সূত্রপাত জানতে তদন্ত চলমান আছে। শ্রীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মদন গোপাল সাহা জানান, এ ঘটনায় বিদ্যুতের ৫টি মিটার পুড়ে গেছে। কারণ জানতে আমাদের টীম ঘটনাস্থলে গেছেন। এ বিষয়ে তদন্ত প্রতিবেদ দিতে বলা হয়েছে।
নিউজটি শেয়ার করুন


















