সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত
- আপডেট : ০৮:২০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
( ২৯ জুলাই) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ডিবেটিং ক্লাবের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে “আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”। এবারে প্রতিযোগিতার বিতর্ক বিষয় ছিল- এই সংসদ মনে করে যে, “বাংলাদেশের রাজনীতি এখন আর জনসেবার মাধ্যম নয়, বরং ব্যক্তিস্বার্থের হাতিয়ার”।
কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা ছিল যুক্তি, বুদ্ধিমত্তা ও বক্তৃতা শিল্পের এক অনন্য উদাহরণ। চমৎকার উপস্থাপনা ও জোরালো যুক্তির প্রতিযোগিতায় সরকারপক্ষ দল বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যাপক ড. কাকুলী মুখোপাধ্যায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন এবং ডিবেটিং ক্লাবের চিফ মডারেটর অধ্যাপক নাছিমা আক্তার। উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, যিনি প্রতিযোগিতার মূল্যায়ন ও পর্যালোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন,
ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল।
ইয়াসিন মোল্লা, সভাপতি, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি।
মোহাম্মদ নূর নবী, সভাপতি, সোহরাওয়ার্দী কলেজ ছাত্র শিবির।
বিচারকের দায়িত্ব পালন করেন তিনটি স্বনামধন্য কলেজের বিতার্কিক নেতৃত্ব-
মো. শাহাদাত হোসেন, সভাপতি, ঢাকা কলেজ ডিবেটিং ক্লাব। হাবিবুল্লাহ রনি, সভাপতি, তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাব। আজম খান, সভাপতি, কবি নজরুল কলেজ ডিবেটিং ক্লাব।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন
ড. মোছা: আছমা আক্তার বেলী, সম্পাদক, অফিসার্স কাউন্সিল এবং সহযোগী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ।
ডিবেটিং ক্লাবের সভাপতি আওলাদ জিসান এর নেতৃত্বে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যুক্তিপূর্ণ উপস্থাপনা ও সৃজনশীল চিন্তাশক্তির মাধ্যমে সকলের প্রশংসা কুড়ান।
সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যাক্ষ, অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বলেন:-
এই ধরনের সৃজনশীল ও গঠনমূলক সংগঠনের সাথে যুক্ত হয়ে তোমরা নিজেদের দক্ষ করে তুলছো এবং একজন মানসম্মত নাগরিক হিসেবে গড়ে উঠছো। এতে করে তোমরা জীবনমান উন্নয়নের পথেও অগ্রসর হচ্ছ। যেমন পাঠ্যবইয়ের পাঠ গ্রহণের মাধ্যমে তোমরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলছো, তেমনি এসব সৃজনশীল সংগঠনের মাধ্যমেও আরও সামনের দিকে এগিয়ে যাবে।
সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম বলেন:-
বিতর্ক হচ্ছে পজিটিভ দৃষ্টিভঙ্গির মাধ্যমে চিন্তার বিকাশ ঘটানো। আমি চাই আমাদের কলেজ আরও এগিয়ে যাক এবং ভবিষ্যতে বড় পরিসরে এমন আয়োজন আরও বেশি হোক।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মুক্তচিন্তা, মত প্রকাশ ও যুক্তিবোধের চর্চায় একটি মূল্যবান ক্ষেত্র তৈরি করেছে।



















