সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপণ ও মাদক নিষিদ্ধ করণ কর্মসূচি
- আপডেট : ০৭:৩৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
– সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণের পরিবেশ এবং আশেপাশের পরিবেশ আরও উন্নয়নের লক্ষ্যে গত রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলের নেতৃত্বে বৃক্ষরোপণ ও ধূমপান মুক্ত ক্যাম্পাস গড়ার উদ্যোগ নেওয়া হয়।
এই কর্মসূচি সম্পর্কে ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, “আপনারা সবাই অবগত আছেন যে সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এর পরেই আমরা লক্ষ্য করেছি যে কলেজের সামনে বিভিন্ন ধরনের আড্ডা হয়, রিকশা ও ভ্যান দাঁড়িয়ে থাকে, উচ্চমাধ্যমিকের কিছু শিক্ষার্থী ধূমপান করে। তাই আমরা, সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন এবং আমি, আলোচনা করেছি—ক্যাম্পাসের সামনের জায়গাটি কীভাবে আড্ডাবাজি ও ধূমপানমুক্ত রাখা যায় এবং রিকশা-ভ্যান সরিয়ে শিক্ষকদের যাতায়াতে সুবিধা নিশ্চিত করা যায়। এজন্য আমরা ক্যাম্পাসের সামনের জায়গাটুকু পরিষ্কার রাখার চেষ্টা করছি।”
এই কর্মসূচি সম্পর্কে সভাপতি জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অঙ্গীকার “মাদকমুক্ত ক্যাম্পাস পরিচ্ছন্ন ক্যাম্পাস”। তারই প্রেক্ষাপটে আজ আমরা সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে, জনাব তারেক রহমানের নির্দেশে এবং জাতীয়তাবাদী ছাত্রদলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের দিকনির্দেশনায়, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। ইতোমধ্যে আমরা বিভিন্ন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। এর ধারাবাহিকতায় আজ আমরা আমাদের ক্যাম্পাসের পরিবেশ সুন্দর করতে এই উদ্যোগ নিয়েছি।
আমরা লক্ষ্য করেছি, কলেজের সামনের রাস্তায় বিভিন্ন সময় মাদকদ্রব্য সেবন করা হয়, অযথা আড্ডা দেওয়া হয় এবং নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। যেহেতু এটি শিক্ষার্থীদের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, তাই এর নিরাপত্তার স্বার্থে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল সর্বদা অঙ্গীকারবদ্ধ। আজকের কর্মসূচির অংশ হিসেবে আমরা বিভিন্ন ধরনের ওষধি গাছ এবং সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করেছি।
আপনারা অবগত আছেন, বিগত সময়ে যারা ছাত্র রাজনীতি করেছে, তারা ক্যাম্পাসে বিভিন্নভাবে লুটপাট চালিয়েছে এবং ক্যাম্পাস থেকে শুধু নিয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল কিছু নিতে আসেনি, বরং দিতে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল অঙ্গীকার করতে চায় যতদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল নেতৃত্ব দিয়েছে তারই ধারাবাহিকতায় ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে এবং সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি এবং আরো কাজ করব এই ক্যাম্পাস ও ছাত্রদের কল্যাণের জন্য।



















