চরফ্যাশনে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট : ০৪:১৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
চরফ্যাশন প্রতিনিধি

ভোলার চরফ্যাশনে প্রথম ধাপে ২৮৮টি অতিদরিদ্র, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। উপকারভোগীরা সবাই চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনের পর চরফ্যাশনে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছারসহ অন্যান্য কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নয়ন বলেন, নির্বাচনের আগে আমাদের প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করেছেন। হতদরিদ্র পরিবারগুলোকে স্বচ্ছল করতে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি একটি নারী বান্ধব দল এবং বিএনপি সরকার সবসময় নারীদের উন্নয়নে কাজ করে আসছে।
উপকারভোগী রেহানা বেগম জানান, তার পরিবারের দুইজন প্রতিবন্ধী শাশুড়ি ও এক সন্তান। তাদের সংসার খুব কষ্টে চলতো। ফ্যামিলি কার্ড পাওয়ায় এখন সংসার চালাতে কিছুটা স্বস্তি মিলবে। এজন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান।
আরেক উপকারভোগী মমতাজ বেগম বলেন, তার স্বামী দিনমজুর হিসেবে কাজ করেন এবং সংসারের একমাত্র উপার্জনকারী। স্বল্প আয়ে চার সদস্যের পরিবার চালানো কঠিন ছিল। ফ্যামিলি কার্ড পাওয়ায় এখন তাদের সংসার কিছুটা স্বচ্ছলভাবে চলবে বলে আশা করছেন তিনি।
ফ্যামিলি কার্ড পেয়ে অতিদরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলোর সদস্যরা আনন্দ প্রকাশ করেছেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
নিউজটি শেয়ার করুন
















