চরফ্যাশনে মাদ্রাসা পরিচালককে অপহরণের মামলার দুই আসামি গ্রেপ্তার
- আপডেট : ০৬:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
চরফ্যাশন প্রতিনিধি
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকায় মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা আবু সাঈদ আকনকে অপহরণ, হামলা, অর্থ ছিনতাই ও চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে দক্ষিণ আইচা বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠিয়েছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার রসূলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মঞ্জুর ছেলে মো. রাকিব স্বনকার (২৯) এবং চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এনায়েত গাজীর ছেলে রাজিব গাজী (২১)।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির, তিনি জানান, রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে দক্ষিণ আইচা থানাধীন চরমানিকা ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তাছ্নিমুল উলুম বাবুস সালাম মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ আবু সাঈদ আকনকে অপহরণ ও হামলার ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়া হয় এবং চাঁদা দাবি করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনায় ভুক্তভোগী সোমবার থানায় হাজির হয়ে ৬ জনকে আসামি করে একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজটি শেয়ার করুন



















