চাকরির নিশ্চয়তা চান সাত কলেজের কর্মচারীরা, সোহরাওয়ার্দী কলেজে মানববন্ধন
- আপডেট : ০৭:৪০:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
সুরাইয়া তাসনিম, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ
চাকরি রাজস্বখাতে স্থানান্তর, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) কাঠামোর আওতায় অন্তর্ভুক্তিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন সরকারি সাত কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা। সোমবার (৯ নভেম্বর) সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে সোহরাওয়ার্দী কলেজের বিভিন্ন পর্যায়ের বেসরকারি কর্মচারীরা অংশ নেন। এ সময় তাঁরা দীর্ঘদিন ধরে সরকারি প্রতিষ্ঠানে কাজ করেও চাকরির স্থায়ীকরণ, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে অনিশ্চয়তায় থাকার কথা তুলে ধরেন।
কর্মচারীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের পর সাত কলেজের প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এলেও তাঁদের চাকরির ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন পর্যায়ে বিষয়টি অবহিত করেও প্রত্যাশিত সমাধান না পাওয়ায় তাঁরা মানববন্ধনে দাঁড়িয়েছেন।
সোহরাওয়ার্দী কলেজের কর্মচারী নাসির উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে আমরা সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি কর্মচারী হিসেবে কাজ করছি। সাত কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় আসার দুই বছরের বেশি সময় পার হলেও আমাদের চাকরি স্থায়ীকরণ কিংবা সুযোগ-সুবিধার বিষয়ে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।
তিনি বলেন, এ বিষয়ে সাত কলেজের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তবে এখনো কোনো আশ্বাস না পাওয়ায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
কর্মচারী বিল্লাল মিয়া বলেন, বয়সের শেষ পর্যায়ে এসেও তাঁদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। শারীরিক সক্ষমতা থাকা পর্যন্ত কাজ করতে পারলেই তাঁরা বেতন পান। সামান্য ভুলত্রুটি হলেও চাকরি হারানোর ভয় দেখানো হয়। অসুস্থতা কিংবা পরিবারের সদস্যদের চিকিৎসার ক্ষেত্রেও তাঁরা কোনো প্রাতিষ্ঠানিক সহায়তা পান না।
তিনি আরও বলেন, কোনো কর্মচারী মারা গেলে তাঁর মরদেহ বাড়িতে নেওয়ার ক্ষেত্রেও প্রতিষ্ঠান থেকে পরিবহন বা আর্থিক সহায়তা পাওয়া যায় না। দীর্ঘদিন দায়িত্ব পালন করেও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা না থাকায় তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
মানববন্ধনে কর্মচারীদের চার দফা দাবি হলো—
১. সরকারি সাত কলেজে কর্মরত সব বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্বখাতে স্থানান্তর করতে হবে।
২. তাঁদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত করতে হবে।
৩. রাজস্বখাতে স্থানান্তর না করা পর্যন্ত ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে হবে।
৪. সাত কলেজে কর্মরত কোনো কর্মচারীকে ছাঁটাই করা যাবে না।
কর্মচারীরা বলেন, দীর্ঘদিনের শ্রম ও অবদানের স্বীকৃতি এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা















