দক্ষিণ আইচায় স্কয়ার গ্রুপের ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
- আপডেট : ০৭:৪১:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে বর্তমানে দেশব্যাপী “৫৬ হাজার স্কয়ার মাইল” স্লোগানে একটি বিশেষ ফ্রি স্বাস্থ্য ক্যাম্প বা বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা চরমানিকা ইউনিয়নের চরকচ্ছপিয়া মহি সুন্না দারুল কাওমি মাদ্রাসা প্রাঙ্গণে একটি বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বুধবার (৬ মে) দিনব্যাপী আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন, একই সঙ্গে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা নিতে সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে ভিড় করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয়, পরামর্শ প্রদান এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। এতে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষ সেবা গ্রহণ করেন।
স্থানীয়রা জানান, চরাঞ্চলের দরিদ্র ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা স্কয়ার গ্রুপ -এর এমন জনকল্যাণমূলক কর্মসূচিকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিষ্ঠাতা স্যামসন এইচ. চৌধুরীর জন্মশতবার্ষিকী স্মরণে দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মানবিক সহায়তা ও জনসেবামূলক এই উদ্যোগ দক্ষিণ আইচাবাসীর মাঝে ব্যাপক সারা ফেলেছে।
নিউজটি শেয়ার করুন
















