পুলিশের নিষেধের পর ও কাজ/ দক্ষিণ আইচা বিরোধীয় জমিতে রাতের আঁধারে ঘর নির্মাণ
- আপডেট : ০১:৩৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
চরফ্যাশন প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বিরোধীয় চার শতাংশ জমিতে রাতের আঁধারে জোরপূর্বক টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুল মন্নানের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের করিমপাড়া এলাকায়।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চর আইচা মৌজার এসএ খতিয়ান নং-১১৬, দিয়ারা খতিয়ান নং-৫৮৭, ভিডিএস খতিয়ান নং-৬১৭৭, সাবেক দাগ নং-২৬৬ এবং বর্তমান দাগ নং-৬২৫৯ দাগে চার শতাংশ জমি নিয়ে মো. ইয়াছিন পালোয়ান ও আব্দুল মন্নানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এ ঘটনায় মো. ইয়াছিন পালোয়ান দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গত ৯ আগস্ট দক্ষিণ আইচা থানার এসআই কাজী উজ্জ্বল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি আব্দুল মন্নানকে বিরোধীয় জমিতে ঘর নির্মাণের কাজ বন্ধ রাখতে নিষেধ করেন বলে অভিযোগকারীর পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও জানা যায়, পুলিশের নিষেধের পর কিছু সময়ের জন্য ঘর নির্মাণের কাজ বন্ধ থাকলেও এসআই কাজী উজ্জ্বল ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর আবারও কাজ শুরু করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১১ আগস্ট রাতে আব্দুল মন্নান একদল ভাড়াটে লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিরোধীয় ওই জমিতে জোরপূর্বক টিনের ঘর নির্মাণ শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। থানায় জমি নিয়ে লিখিত অভিযোগ থাকা সত্ত্বেও ঘর নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি পুনরায় দক্ষিণ আইচা থানার এসআই কাজী উজ্জ্বলকে জানানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত বিরোধীয় জমিতে আব্দুল মন্নান ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ইয়াছিন পালোয়ান।
মো. ইয়াছিন পালোয়ান বলেন, আমি ক্রয়সূত্রে ওই জমির মালিক। আমি বাড়িতে না থাকার সুযোগে প্রভাবশালীদের ইন্ধনে আব্দুল মন্নান দক্ষিণ আইচা থানায় করা অভিযোগ উপেক্ষা করে বিরোধীয় জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করছেন।
অভিযোগের বিষয়ে আব্দুল মন্নান বলেন, এটি আমার বাড়ির জমি,তাই আমি রাতের আঁধারে ঘর নির্মাণ করে জমিটি দখলে নিয়েছি।
দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন, বাদী পক্ষের অভিযোগের ভিত্তিতে গত ৯ আগস্ট এসআই কাজী উজ্জ্বল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত রাতে সেখানে একটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে বলে জানতে পেরেছি। এ জমি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ রয়েছে। দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
নিউজটি শেয়ার করুন
















