লৌহজংয়ে চা বিক্রেতাকে কুপিয়ে জখম, হামলাকারী রিয়ন গণপিটুনির শিকার
- আপডেট : ০৭:৫৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের পূর্ব কুমারভোগ বাজারে প্রকাশ্যে চা বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে রিয়ন (২৫) নামের এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যায় লিটন স্টোর এন্ড টেলিকম ও নিজাম শেখের (উরফে বাবুর্চি) চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ব্যাটারি চালিত অটোযোগে হাসপাতালে নেওয়ার সময় মহানগর পরিবহনের একটি বাস ওই অটোতে ধাক্কা দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অটোচালকেরা বাস আটকানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরিস্থিতি শান্ত করার জন্য চা বিক্রেতা নিজাম শেখ (৪৮) মধ্যস্থতা করার চেষ্টা করলে রিয়ন হঠাৎ দৌড়ে গিয়ে বাড়ি থেকে চাইনিজ কুড়াল এনে তার ওপর হামলা চালায়।
আতঙ্কিত অবস্থায় স্থানীয়রা ছুটে এলে তাদেরও ভয়ভীতি প্রদর্শন করে রিয়ন। এক পর্যায়ে বাজারের লোকজন ক্ষিপ্ত হয়ে রিয়নকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় চা বিক্রেতা নিজাম শেখ মারাত্মকভাবে আহত হন। তার হাতের হাড় ও মাংস ছিন্নভিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা আরও জানান, রিয়ন কুমারভোগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সম্রাটের ঘনিষ্ঠ হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
রিয়নের পরিচয় পাওয়া গেছে—সে মৃত কাঠ আসলামের ছেলে ও কুমারভোগ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। আহত নিজাম শেখ মৃত আব্দুল রহমান শেখের ছেলে এবং একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুবেল হাওলাদার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”



















