উদাসীন প্রশাসন, ধুঁকছে সোহরাওয়ার্দী কলেজের মেডিকেল ইউনিট
- আপডেট : ০৪:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মেডিকেল সেন্টারটি এখন বেহাল দশার চিত্র। প্রশাসনিক অবহেলায় চিকিৎসা সেবা কেন্দ্রটি কার্যত অকেজো হয়ে পড়েছে। শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হলেও এখানে সঠিক ওষুধ, যন্ত্রপাতি বা চিকিৎসক পাওয়া যেন ভাগ্যের ব্যাপার।
অনুসন্ধানে জানা গেছে, সেন্টারে নাপা ছাড়া অন্য কোনো ওষুধ নিয়মিত পাওয়া যায় না। নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, ভাঙা জানালা, অপরিচ্ছন্ন বিছানা, মেয়াদোত্তীর্ণ অক্সিজেন সিলিন্ডার, আধুনিক চিকিৎসা কিটেরও অভাব প্রকট। ফলে তাৎক্ষণিক সেবা না পেয়ে অনেক শিক্ষার্থী চরম ভোগান্তির শিকার হন।
মেডিকেল ইনচার্জ ডা. কানিজ ফাতেমা জানান, আমি এক বছর ধরে দায়িত্বে আছি। বারবার প্রশাসনকে জানালেও কোনো পদক্ষেপ নেয়নি তারা। আমাদের কাছে নাপা, সেলাইন, ইবুপ্রোফেন, ব্যান্ডেজ, কটন, সিজার, হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। নির্ধারিত সময়ে এসে সর্বোচ্চ চেষ্টা করি।
তিনি আরও জানান, গরমকালে সেন্টারে ঠান্ডা পরিবেশ না থাকায় শিক্ষার্থীরা আরও অসুস্থ হয়ে পড়ে, অথচ প্রশাসন এসব জানার পরও নীরব।
প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গৌরব দেবনাথ বলেন,
মেডিকেল সেন্টারে গেলে মনে হয় আমরা ক্লাস ফাইভে পড়ি! সব সমস্যার সমাধান নাকি নাপা আর পলিজন! এটা কেমন চিকিৎসা?
এমন অবস্থায় শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে। কলেজ প্রশাসনের উচিত অবিলম্বে চোখ খুলে মেডিকেল সেন্টারের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। সুস্থ শিক্ষার্থীই জাতির ভবিষ্যৎ, এই উপলব্ধি থেকেই কলেজের ঐতিহ্য ও দায়িত্ব রক্ষা করা জরুরি।



















