মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা/ চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন
- আপডেট : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন উপজেলার ১৬৮ নং দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিকেল ৫ টার দিকে ওই বিদ্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলন করা হয়।
লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউসুফ বলেন, গত শনিবার (২৭ জুন) বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তাঁর সহকারী শিক্ষক আক্তার হোসেন দুর্বৃত্তদের হামলার শিকার হন। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি আরও বলেন, সহকারী শিক্ষকের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল তাঁকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমে ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি যেকোনো তথ্য প্রকাশ বা প্রচারের আগে সত্যতা যাচাই করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুদ্দিন, মামুন ও সুলতানা বেগম উপস্থিত থেকে প্রধান শিক্ষকের প্রতি সংহতি প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন




















