সর্বশেষ
শ্রীনগরে পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় যুবদল নেতা গ্রেফতার
নাজমুল খান সুজন
- আপডেট : ০৬:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
শ্রীনগরে একটি পিকআপ ভ্যান ছিনতাই করার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ন-আহ্বায়ক মহিদুল ইসলাম রবিনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোর রাতে
উপজেলার জমজম টাওয়ারের পিছন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পিকআপ ভ্যানটিও উদ্ধার করে পুলিশ।
যুবদল নেতা মহিদুল ইসলাম রবিন উপজেলার পাটাভোগ ইউনিয়নের পশ্চিম বেজগাঁও গ্রামের মুকুল ঢালীর ছেলে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, রাতে সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান শ্রীনগর বাজারে আনলোডের পর রাত ১২টার দিকে ঢাকার শ্যামবাজারের দিকে রওনা দিলে ওই যুবদল নেতার নেতৃত্বে একটি মোটরসাইকেল নিয়ে পিকআপটিকে ব্যারিকেট দেয়। এ সময় পিকআপের চালক আহসান হাবিব আরিফ ও হেলপার আল-আমিনকে মারধর করে পিকআপ ভ্যানটি জমজম টাওয়ারের পিছনে নিয়ে যায়। ভয়ভীতি দেখিয়ে চালকের কাছ থেকে নগদ ৭ হাজার ২শ’ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় যুবদল নেতা রবিন ও তার সহযোগীরা। এ সময় পিকআপের ব্যাটারি খুলে নেয়। তার কিছুক্ষণ পর ফোনে পিকআপের মালিককে আসতে বলে। পিকআপ মালিক মো. মানিক মিয়া রাত ৩টার দিকে এসে শ্রীনগর থানা পুলিশকে বিষয়টি জানালে
পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে যুবদল নেতা রবিনকে আটক করে। তার হেফাজতে থাকা পিকআপ ভ্যানটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মানিক মিয়া বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেফতারকৃত আসামীকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন











