সোহরাওয়ার্দী কলেজে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত পহেলা বৈশাখ ১৪৩২
- আপডেট : ০৭:১৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা সনে সোহরাওয়ার্দী কলেজে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও আনন্দময় উৎসব। নববর্ষের প্রথম দিনটিকে ঘিরে কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ ও প্রাণের সঞ্চার।
উৎসবের সূচনা হয় সকালে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। এই আনন্দ শোভাযাত্রা শুরু হয় সকাল ৯টায় এবং সোহরাওয়ার্দী কলেজ গেট থেকে শুরু করে ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে পর্যন্ত গমন করে । আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কলেজ কর্মচারীরা। তারা রঙ-বেরঙের পোশাক পরে, ব্যানার, পোস্টার ও বাঁশি নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।বাংলা নববর্ষের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতেই এই আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।
শোভাযাত্রা শেষে সোহরাওয়ার্দী কলেজ শহীদ সাংবাদিক মেহেদী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে বাংলা সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর।
এছাড়াও অডিটোরিয়ামে প্রত্যেক বিভাগ থেকে স্টলের আয়োজন ছিলো ।এসব স্টলে , পিঠা-পুলি, খেলনা, পান্তা ইলিশ ও বিভিন্ন ধরনের ভর্তা ছিল যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। দিনব্যাপী চলা এই বৈশাখী আয়োজন সবার মনে আনন্দের ছাপ ফেলেছে।



















