সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির তৃতীয় বর্ষপূর্তি উদযাপন-২০২৫
- আপডেট : ১২:৪৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাংবাদিক সমিতি (সোকসাস) এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপিত ও সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল১১ টায় কলেজের শহীদ সাংবাদিক হাসান মেহেদী অডিটোরিয়ামে শুরু হয় আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ইয়াছিন মোল্লা।
অনুষ্ঠানের এক পর্যায়ে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির কার্যালয় উদ্বোধন করেন। সোহরাওয়ার্দী কলেজের পুরাতন ভবনের নিচতলায় কক্ষ নং- ১৫ তে কার্যালয় উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায় বলেন,সাংবাদিকতা মানেই দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা। সোকসাসের সদস্যরা যেভাবে সচেতনভাবে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। কলেজ প্রশাসন সবসময়ই তাদের পাশে থাকবে।
প্রধান আলোচকের বক্তব্যে দৈনিক আমার দেশের প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান বলেন,সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার অভ্যাস গড়ে তুলতে হবে এখন থেকেই। কলেজজীবন থেকেই দায়িত্বশীল সাংবাদিকতা শেখা গেলে, ভবিষ্যতে জাতীয় পর্যায়ের সাংবাদিকতায় নেতৃত্ব দেওয়া সম্ভব।
বিশেষ আলোচকের বক্তব্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন,যেকোনো ভালো সাংবাদিকতার শুরু হয় ক্যাম্পাস থেকেই। সোকসাস সেই জায়গা থেকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
সোকসাসের সভাপতি ইয়াসিন মোল্লা বলেন, গত তিন বছর ধরে আমরা তথ্যভিত্তিক সাংবাদিকতা, শিক্ষামূলক প্রতিবেদন ও ক্যাম্পাস বিষয়ক নানা ইস্যুতে কাজ করেছি। আজ আমাদের নিজস্ব কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সেই পথচলা আরও সুদৃঢ় হলো।
উল্লেখ্য, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই তথ্যচর্চা, শিক্ষামূলক প্রতিবেদন ও সচেতনমূলক সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা রেখে আসছে। নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে তারা আরও সংগঠিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।



















