ইউএনও বরাবর অভিযোগ, স্থানীয়দের খেলাধুলার সুযোগ নিশ্চিতের দাবি এলাকাবাসীর
- আপডেট : ০৯:০০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব শিমুলিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শেখপাড়া মুকুল-মঙ্গল ক্লাব ও খেলার মাঠে বহিরাগতদের খেলাধুলাকে কেন্দ্র করে উত্তেজনা ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় ছয় মাস ধরে ২০ থেকে ২৫ জনের একটি বহিরাগত দল নিয়মিতভাবে মাঠে খেলাধুলা করায় স্থানীয় কিশোর-তরুণরা নিজেদের মাঠে পর্যাপ্ত সময় খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে একাধিকবার কথা বলেও সমাধান না হওয়ায় সংঘাত এড়াতে ক্লাব কমিটি বহিরাগতদের মাঠে খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
স্থানীয় ও ক্লাব সূত্রে জানা যায়, ১৯৮২ সালে শেখপাড়া ও আশপাশের এলাকার ক্রীড়ামোদী মানুষের শ্রম, আর্থিক সহযোগিতা ও তত্ত্বাবধানে শেখপাড়া মুকুল-মঙ্গল ক্লাব ও খেলার মাঠটি গড়ে ওঠে। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন ধরে মাঠটি স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা এবং সামাজিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
ক্লাব কমিটির দাবি, সম্প্রতি মাঠে নিয়মিতভাবে বহিরাগতদের একটি দল খেলাধুলা শুরু করায় স্থানীয়দের সঙ্গে তাদের বিরোধের পরিস্থিতি তৈরি হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বিকেলে ওই দলটি মাঠে খেলায় অংশ নেওয়ায় শেখপাড়া ও আশপাশের এলাকার খেলোয়াড়রা মাঠ ব্যবহারের সুযোগ কম পাচ্ছেন।
বিষয়টি সমাধানের উদ্যোগ হিসেবে ক্লাব কমিটির সভাপতি মো. জিয়াউল হক মাসুদ শেখ সম্প্রতি মাঠে গিয়ে বহিরাগত খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে খেলাধুলার প্রস্তাব দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করা হয় বলে অভিযোগ করেন ক্লাব সংশ্লিষ্টরা। একপর্যায়ে সভাপতির সঙ্গে অসদাচরণের ঘটনাও ঘটে বলে তাদের দাবি।
এরপর স্থানীয় ও বহিরাগত খেলোয়াড়দের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্লাব কমিটির অভিযোগ, ওই খেলায় কয়েকজন বহিরাগত খেলোয়াড় স্থানীয়দের সঙ্গে অতিরিক্ত শারীরিক সংস্পর্শে জড়ান। জোরে ট্যাকেল, পায়ে আঘাত ও কনুই দিয়ে আঘাত করার মতো ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এতে কয়েকজন স্থানীয় খেলোয়াড় আহত হন বলেও দাবি করা হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কায় স্থানীয় খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান এবং বিষয়টি ক্লাব কমিটিকে অবহিত করেন।
এ ঘটনায় মাঠের পরিবেশ ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সম্প্রতি ক্লাব কমিটি জরুরি সভার আয়োজন করে। সভায় শেখপাড়া ও আশপাশের এলাকার বাসিন্দা ছাড়া অন্য কোনো বহিরাগতকে মাঠে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
সভায় ক্লাবের সভাপতি মো. জিয়াউল হক মাসুদ শেখ, সাধারণ সম্পাদক মো. সুরুজ শেখ, লিওন শেখ, জুলহাস শেখ, বাবু শেখ, সেন্টু শেখ, সামাদ বেপারীসহ এলাকার প্রায় ৫০ জন গণ্যমান্য ব্যক্তি ও সিনিয়র নাগরিক উপস্থিত ছিলেন। তারা সিদ্ধান্তের পক্ষে স্বাক্ষর করেন বলে ক্লাব সূত্র জানিয়েছে।
ক্লাব কমিটি ও এলাকাবাসীর স্বাক্ষরিত সিদ্ধান্তের একটি কপি ইতোমধ্যে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমা দেওয়া হয়েছে। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, শেখপাড়া মুকুল-মঙ্গল ক্লাব ও খেলার মাঠটি দীর্ঘদিনের ঐতিহ্য বহন করছে। স্থানীয় শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করা এবং মাঠের পরিবেশ স্বাভাবিক রাখা জরুরি। তাদের অভিযোগ, বহিরাগতরা এসে মাঠের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে।
তবে অভিযোগের বিষয়ে বহিরাগত খেলোয়াড়দের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় করে মাঠটি সবার জন্য নিরাপদ ও খেলাধুলাবান্ধব রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন শেখপাড়া এলাকার বাসিন্দা ও ক্লাব সংশ্লিষ্টরা।
নিউজটি শেয়ার করুন



















