লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- আপডেট : ০৬:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
সুরাইয়া তাসনিম, শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদল।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে লক্ষ্মীবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা ‘লকডাউন’ কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রতিবাদ জানান তারা।
মিছিলে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অরাজকতা করতে না পারে, সে জন্য গতকাল সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল রাজপথে ছিল। ধোলাইখাল, মুরগিটোলা, রায়সাহেব বাজার ও দয়াগঞ্জ এলাকায় আমাদের নেতাকর্মীরা অবস্থান নেন। রাতে তারা বিভিন্ন এলাকায় পাহারা দেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন, ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-৬ আসনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে।
কলেজ ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আওয়ামী লীগ বিএনপিকে যে অগ্নিসন্ত্রাসের রাজনীতির অভিযোগে অভিযুক্ত করত, বিএনপি কখনোই সেই রাজনীতি করেনি। কেরানীগঞ্জ ও মিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনা আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী রাজনীতির পুনরাবৃত্তি।
তিনি বলেন, বিএনপি সবসময় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায়। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সৃষ্টি হোক, তা বিএনপির কাম্য নয়। গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থাকবে।
আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। কর্মসূচির দিন ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।



















