লালমোহনে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট : ০৯:২৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
ভোলার লালমোহন উপজেলায় পারিবারিক কলহের জেরে মোসা. উম্মে হাবিবা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টায় পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাদের বকসি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গৃহবধূ হাবিবা ওই বাড়ির মো. শাকিলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্বামী-স্ত্রী মিলে একসঙ্গে খাবার খান। এরপর স্বামী শাকিল বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর শাশুড়ীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় গৃহবধূ হাবিবার। এর কিছু সময় পর ঘরের দরজা-জানালা বন্ধ দেখে ভেতরে উঁকি দিয়ে হাবিবাকে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁছানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান স্বজনরা। পরে তারা ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গিয়ে পুলিশকে খবর দেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেন। এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



















