লালমোহনে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
- আপডেট : ১০:৪৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানা পুলিশের পৃথক দুটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা বাজারে মোহাম্মদ ইমামের মুদি দোকানের পূর্ব পাশে পাকা সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ রিয়াজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মোঃ সিরাজের ছেলে।
অপরদিকে, লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নওয়াব আলী মুন্সি বাড়ির রোডে বাবুলের বাড়ির পাশের পাকা সড়ক থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাকিব হোসেন (২৩) নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার মুন্সি বাড়ির মোঃ হুমায়ুনের ছেলে।
অভিযানে লালমোহন থানার এসআই (নিঃ) দেবরাজ চক্রবর্তী, এএসআই (নিরস্ত্র) আল আমিন, মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জুয়েল, এএসআই মোঃ মনিরুজ্জামানসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে ।















