সর্বশেষ
শ্রীনগরে আওয়ামী লীগের ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১
বিশেষ প্রতিবেদক
- আপডেট : ০৯:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃবদিউজ্জামান ভূইয়া ডাবলুসহ শ্রীনগরে ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গত সোমবার রাতে শ্রীনগর থানার এসআই মাইনুল হক খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শ্রীনগর থানার মামলা নং-২৫। মামলা সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৫খ্রী: রাত সাড়ে ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের দোতলায় তাদের সহযোগী নেতাকর্মীরা দেশকে অস্থীতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হয়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বাড়ৈখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামকে গ্রেফাতার করে।
এ সময় সেখান থেকে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ৩টি বই উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম জানান, গত ১৫ আগষ্ট সন্ধ্যার দিকে আওয়ামী লীগের নেতাদের পরামর্শে শ্রীনগর কলেজ গেটের মথুরাপাড়া এলাকায় মাষ্টার আব্দুর রহমান নুরানী হাফিজিয়া মাদ্রাসার প্রায় ১শ’ গজ সামনে পরিত্যক্ত ফাকা জায়গায় সমবেত হয়ে নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার জন্য গোপন পরামর্শ শেষে দুস্থদের মাঝে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে দখলদার মুক্ত করবোই” মুন্সীগঞ্জ-১ আসানের সর্বস্তরের জনগণ লেখাযুক্ত লিফলেটসহ খাবার বিতরণ করে। মামলার অন্যান্য আসামীরা হলো, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু, বাবুল হোসেন বাবু, আজিজুল ইসলাম, আব্দুল বারেক খান বারি, আলী আকবর, জিএস নাজির, সোলায়মান খান, সাবেক ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহামন, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, ছাত্রলীগ সভাপতি শাওনসহ এজারভুক্ত ৫৮ জন ও অজ্ঞাত নামা ৫০-৬০ জনকে আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে বেশ কয়েকজন দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাসহ দেশকে অস্থিতিশীল করার জন্য যারা চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হয়েছে।



















