সোহরাওয়ার্দী কলেজের পুরাতন ভবন যেন মরণফাঁদে পরিণত হলো ভুমিকম্পের ধাক্কায়
- আপডেট : ০৭:৩৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
মোঃ পলাশ মিয়া সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি-রাজধানীতে আজ ভূমিকম্পে অন্যান্য স্থাপনার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পুরাতন ভবনও। ভূমিকম্পের পরপরই কলেজের বিভিন্ন ব্লকে দেয়াল, সিলিং ও সিঁড়িঘরের একাধিক স্থানে ফাটল দেখা যায়।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে সংঘটিত ৫.৭ মাত্রার ভূমিকম্পের কম্পনে ভবনের একটি অংশের দেয়ালের কিছু জায়গা খসে পড়ে এবং দেয়াল ও কলামে বড় চিড় ধরে।
সরজমিন পরিদর্শনে দেখা যায়, পুরাতন ভবনের বেশ কিছু কলামে ফাটল সৃষ্টি হয়েছে,দেয়ালের সংযোগস্থলে নতুন চির দেখা দিয়েছে এবং প্লাস্টার ভেঙে নিচে ঝরে পড়েছে। বিশেষ করে অডিটোরিয়াম ভবনের অভ্যন্তরেও কলাম ও দেয়ালে বড় আকারের ফাটল লক্ষ্য করা গেছে, যা ভবনের স্থায়িত্ব এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
যদিও ঘটনার সময় কলেজে সাপ্তাহিক ছুটি থাকায় কোনো শিক্ষার্থী আহত হয়নি, তবুও বিষয়টি জানাজানি হতেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকে মনে করছেন, পুরোনো নির্মাণ ও দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে ভবনটি এখন অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
অনার্সের এক শিক্ষার্থী বলেন,
ভবনটা যে পুরোনো সেটা সবাই জানে। কিন্তু আজকের ফাটলগুলো দেখে মনে হচ্ছে অবিলম্বে স্ট্রাকচারাল টেস্ট করা জরুরি। শুক্রবারে ক্যাম্পাস ফাঁকা ছিল এটাই সৌভাগ্য, না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।
অভিভাবকরাও একই উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন,
আমাদের সন্তানরা প্রতিদিন এই ভবনে ক্লাস করে। ভবনটি যদি সত্যিই ঝুঁকিপূর্ণ হয়, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর আশপাশের এলাকাতেও আতঙ্ক সৃষ্টি হয়। অনেক বাসিন্দা জানালা-দরজার কাঁপুনি টের পেয়ে অল্প সময়ের জন্য বাসা থেকে বের হয়ে আসেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে ১৩ কিলোমিটার পূর্বে অবস্থান করছে,এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের অবস্থা পর্যালোচনা করতে দ্রুত প্রকৌশল বিভাগকে অবহিত করা হয়েছে এবং ঝুঁকি চিহ্নিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ভবনের ফাটল ও ক্ষতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোহরাওয়ার্দী কলেজের পুরাতন ভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, রানার প্লাজা ট্র্যাজেডির মতো আরেকটি ক্ষয়ক্ষতি দেখার আগেই সোহরাওয়ার্দী কলেজের ভবন গুলোকে সংস্কারের জন্য সঠিক পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।
নিউজটি শেয়ার করুন





















