দক্ষিণ আইচায় জব্দ করা সার ও ডিজেল তিন লক্ষ চুরানব্বই হাজার তিনশত পঞ্চান্ন টাকায় নিলামে বিক্রি
- আপডেট : ০৫:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা কোস্টগার্ডের অভিযানে
জব্দ করা ৪৯৩ বস্তা ইউরিয়া সার ও ৪০০ লিটার ডিজেল আদালতের নির্দেশে প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে এ নিলাম কার্যক্রম সম্পন্ন হয়। নিলামে প্রতি বস্তা ইউরিয়া সারের সর্বোচ্চ দর উঠেছে ৭৩৫ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দর উঠেছে ৮০ টাকা। সারের সর্বোচ্চ দরদাতা স্থানীয় ব্যবসায়ী কাজী হুমায়ুন কবির এবং ডিজেলের সর্বোচ্চ দরদাতা ব্যবসায়ী মুফিজুল ইসলাম। নিলামে অংশগ্রহণ করেন সাতজন ব্যবসায়ী।
কোস্টগার্ডের দেওয়া এজাহার সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানাধীন নজরুলনগর ইউনিয়নের বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা।
নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির এবং স্থানীয় ব্যবসায়ীরা। তাদের উপস্থিতিতে নির্ধারিত প্রক্রিয়ায় নিলাম সম্পন্ন করা হয়।


















