লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ
- আপডেট : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে একটি কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার (৫০ ব্যারেল) অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা পুলিশের টিম মিনা চানাচুরের ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিনের গোডাউনে অভিযান চালিয়ে ২৮ ব্যারেল ও ফ্যাক্টরির সামনে একটি কাভার্ড ভ্যান থেকে তার আরো ২২ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে। এ ঘটনায় হেলাল উদ্দিন ও নাজিম উদ্দিনসহ অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা রুজু করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন মহাসড়কের পাশে ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে মিনা চানাচুর ফ্যাক্টরির সামনে সড়কের উপরে ২২ ব্যারেল তেল সহ একটি কাভার্ড ভ্যান রেখে পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে লালমোহন থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে লালমোহন থানায় নিয়ে আসে। কাভার্ড ভ্যানটির নাম্বার ঢাকা মেট্রো-ন, ১৯-৫৬৪৬। কাভার্ড ভ্যানের ভিতরে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এবং সেটিও জব্দ করে লালমোহন থানা পুলিশ। পরে তল্লাশী চালিয়ে মিনা চানাচুরের গোডাউনে আরো ২৮ ব্যারেল অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করে।ওই এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত মিনা চানাচুর ফ্যাক্টরির মালিক হেলাল উদ্দিন অপরিশোধিত ও ভেজাল সয়াবিন তেল দিয়ে চানাচুর তৈরী করে বাজারজাত করে আসছে। এসব চানাচুর খেয়ে মানুষ বিভিন্ন রোগে ভূগছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের মুঠোফোনে বারবার কল করলেও তিনি রিসিভ না করার কারনে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভোলা জেলা পুলিশের ফেসবুকে এ ব্যাপারে উল্লেখ করা হয়, চোরাচালান ও অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় ভোলা জেলা পুলিশ সর্বদা জনগনের পাশে থাকবে।

















