সোহরাওয়ার্দী কলেজে এইচএসসিতে অকৃতকার্য ৭২৪, জিপিএ-৫ পেলেন মাত্র ৩ জন
- আপডেট : ০১:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
সুরাইয়া তাসনিম, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ৩১ অক্টোবর। প্রকাশিত ফলাফলে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অকৃতকার্য হয়েছেন ৭২৪ জন শিক্ষার্থী। কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৯১৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৫ জন। পাসের হার ৬৩ দশমিক ৪৫ শতাংশ। অন্যদিকে, জিপিএ-৫ পেয়েছেন মাত্র তিনজন শিক্ষার্থী।
কলেজের ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষার জন্য মোট ১ হাজার ৯৩৯ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিলেন। তাঁদের মধ্যে ১ হাজার ৯১৫ জন পরীক্ষায় অংশ নেন। বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ৫৫৬ জন এবং অকৃতকার্য হয়েছেন ৩৫৪ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন দুজন শিক্ষার্থী।
মানবিক বিভাগে পাস করেছেন ৩৯৬ জন এবং অকৃতকার্য হয়েছেন ২৪৪ জন। এ বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন শিক্ষার্থী।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগে পাস করেছেন ২৬৩ জন এবং অকৃতকার্য হয়েছেন ১২৬ জন। এ বিভাগ থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।
ফলাফলে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়া এবং জিপিএ-৫-এর সংখ্যা কম হওয়ায় কলেজটির ফলাফল নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
এ বিষয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স কাউন্সিলের সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান বলেন, এ বিষয়টি খুবই দুঃখজনক। সোহরাওয়ার্দী কলেজের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এতে স্বাভাবিকভাবেই হতাশ হবেন। আমিও বিষয়টি নিয়ে হতাশ। এখনো ফলাফলের অফিসিয়াল কপি হাতে পাইনি। কী কারণে ফলাফল খারাপ হয়েছে, তা নিয়ে আমরা বসে পর্যবেক্ষণ করব এবং ফলাফল ও এ-সংক্রান্ত বিষয়টি সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের ঘাটতি না থাকলে এমন ফলাফল হওয়ার কথা নয়। গত বছর প্রাইভেট শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে এসে পরীক্ষায় অংশ নিয়েছিল। তাই রেজাল্ট খারাপ হয়েছিল। তবে এ বছর, আমার জানা মতে, তা বন্ধ ছিল।
উল্লেখ্য, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।



















