লালমোহনে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করলেন চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর
- আপডেট : ০৯:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা) :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর লালমোহন ইউনিয়নের প্রচারণা। এরই ধারাবাহিকতায় বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাসিম মাতাব্বর। তিনি লালমোহন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে প্রয়াত বাবার কবর জিয়ারত শেষে সমর্থকদের সঙ্গে নিয়ে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন নাসিম মাতাব্বর। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পথিমধ্যে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে নাসিম মাতাব্বর বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে থেকে সেবামূলক কাজ করে যাচ্ছি। ভালো কাজের মাধ্যমেই মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করতে চাই। ক্ষমতার মোহ কিংবা অর্থের প্রলোভন নয়, জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও লালমোহন ইউনিয়নবাসীর সেবা করে যেতে চাই।”
আসন্ন নির্বাচনে বিজয়ী হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন সাধন ও নাগরিক সুবিধা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাধারণ মানুষের ভালোবাসা ও অনাবিল সমর্থনকে পাথেয় করেই সমৃদ্ধ লালমোহন ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।















