শিক্ষকদের সম্মানে সোহরাওয়ার্দী কলেজে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- আপডেট : ০৪:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সুরাইয়া তাসনিম, শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ
বাবা মায়ের পর সবার জীবনে সবচেয়ে অবদান যার তিনি হচ্ছেন একজন শিক্ষক। শিক্ষক মানে একজন পথপ্রদর্শক, একজন অভিভাবক, একটি আস্থার জায়গা। বিশ্ব শিক্ষক দিবস আজ। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে শিক্ষক দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশ নেন। র্যালিটি কলেজের আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে কলেজের অফিসার্স কাউন্সিলে শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মশিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
আলোচনা সভায় শিক্ষকতার মর্যাদা ও গুরুত্ব, শিক্ষকদের বিভিন্ন সমস্যা এবং সেসব সমস্যা সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
শিক্ষক দিবসের আলোচনায় পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন বলেন, “একজন শিক্ষক হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি। শিক্ষকতা একটি সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা। শিক্ষকদের প্রাপ্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে তারা আরও উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। শিক্ষকতা পেশার মর্যাদা ও স্বাতন্ত্র্য রক্ষায় সংশ্লিষ্ট সবার ইতিবাচক ভূমিকা প্রয়োজন।”
উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন বলেন, “শিক্ষক হিসেবে আমরা সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। আমরা যাদের তৈরি করছি, তারা সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ছে এবং আমাদের বিতরণ করা জ্ঞানের আলোকদিশারী হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “এই জায়গায় নীতিনির্ধারকদের আরও বেশি নজর দেওয়া উচিত। তাদের বোঝা উচিত, সম্মানিত শিক্ষকদের যথোপযুক্ত মর্যাদা না দিলে এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত না করলে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি হয়। অনেক ক্ষেত্রে আমরা বেতন বৈষম্যের শিকার হচ্ছি। এসব বৈষম্য দূর করা গেলে শিক্ষকরা আরও উৎসাহিত হবেন। একই সঙ্গে এই পেশায় মেধাবী মানুষ আরও বেশি এগিয়ে আসবেন।”
উল্লেখ্য, এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল ‘Standing with Teachers’। শিক্ষকতার পেশার মর্যাদা রক্ষা, শিক্ষকদের অধিকার ও তাদের অবদানের প্রতি সম্মান জানানোর বিষয়টি দিবসটির মাধ্যমে তুলে ধরা হয়












