দক্ষিণ আইচায় ‘স্বপ্ন’ সুপারশপের ১৪তম আউটলেটের শুভ উদ্বোধন
- আপডেট : ০৫:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
ভোক্তাবান্ধব সেবার অঙ্গীকার নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে তাদের ১৪তম আউটলেটের শুভ উদ্বোধন করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দক্ষিণ আইচা বাসস্ট্যান্ডের উত্তর পাশে হাজী আলমগীর প্লাজায় নতুন এই আউটলেটের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বপ্নের ভোলা জেলা জোনাল ম্যানেজার খাইরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন সুপারশপের দক্ষিণ আইচা আউটলেটের ফ্র্যাঞ্চাইজি মো. ফরিদ উদ্দিন মাস্টার ও প্রভাষক মো. নাজিম এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সফলতা, ব্যবসায়িক সমৃদ্ধি এবং স্থানীয় জনসাধারণের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্বপ্নের ভোলা জেলা জোনাল ম্যানেজার খাইরুল ইসলাম বলেন, নতুন এই আউটলেট থেকে ক্রেতারা ন্যায্য দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন। পাশাপাশি থাকবে আকর্ষণীয় ছাড়, বিশেষ অফার এবং পরিচ্ছন্ন ও আধুনিক পরিবেশে কেনাকাটার সুবিধা।
তিনি আরও বলেন, “স্থানীয় কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি ভোক্তাদের সুবিধার্থে নিয়মিত নানা অফার চালু থাকবে। আধুনিক রুচি ও জীবনধারার সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে এই আউটলেট। এখানে দুধ, ডিম, চাল, ডালসহ প্রায় সব ধরনের ভোগ্যপণ্য ছাড়াও রয়েছে সৌন্দর্যচর্চার সামগ্রী, হাইজিন পণ্য, শিশুদের খাদ্য ও খেলনা।”
স্থানীয়রা মনে করছেন, ‘স্বপ্ন’-এর এই নতুন আউটলেট শুধু একটি বিপণিকেন্দ্র নয়; বরং ভোক্তা অধিকার সুরক্ষা, মানসম্মত পণ্যের সহজলভ্যতা এবং আধুনিক বাজারব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক আউটলেট চালুর মাধ্যমে সুপারশপ ‘স্বপ্ন’ তাদের কার্যক্রম সম্প্রসারণ করে চলেছে। দক্ষিণ আইচায় নতুন আউটলেট চালুর মধ্য দিয়ে এবার দক্ষিণের জনপদেও পৌঁছে গেল দেশের অন্যতম বৃহৎ সুপারশপ নেটওয়ার্কটি।



















