মোতাহার নগর ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আফরান বেপারী
- আপডেট : ১০:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
ভোলার লালমোহন উপজেলার ১০ নং মোতাহার নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার (ইউপি সদস্য) পদপ্রার্থী আফরান বেপারী এলাকার সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন চেয়েছেন। শনিবার (২০ নভেম্বর ) বিকেলে গোলাম রহমান তালুকদার বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এলাকাবাসীর উদ্দেশে এসব কথা বলেন।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে আফরান বেপারী বলেন, “ছোটবেলা থেকেই দেখে আসছি নির্বাচনের আগে এক রূপ আর নির্বাচনের পরে জনপ্রতিনিধিদের আরেক রূপ। সাধারণ মানুষের এই বঞ্চনা ও দ্বিমুখী আচরণের প্রতিবাদে এবং এলাকার প্রকৃত উন্নয়নের স্বার্থেই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
নিজেকে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান দাবি করে তিনি বলেন, “আমার অঢেল অর্থবিত্ত নেই। নির্বাচনের মাঠে মানুষকে ৫০০ বা ১ হাজার টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই। তবে আপনাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ও এলাকার অসহায় মা-বোনদের জন্য কাজ করার প্রবল ইচ্ছা রয়েছে। আপনারা যদি টাকার পরিবর্তে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকেন, তবে বিজয়ী হয়ে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন ও নেতৃত্ব ফিরিয়ে আনব।”
সভায় উপস্থিত মুরুব্বি, তরুণ এবং পর্দার আড়ালে থাকা মা-বোনদের উদ্দেশে তিনি স্পষ্টভাবে জানান, এলাকাবাসী যদি তাকে যোগ্য মনে করেন এবং সর্বসম্মতিক্রমে সমর্থন দেন, তবেই তিনি নির্বাচনের মাঠে লড়বেন। আর এলাকাবাসী না চাইলে তিনি সরে দাঁড়াবেন।
মতবিনিময় সভায় গোলাম রহমান তালুকদার বাড়ির মুরুব্বিসহ ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উপস্থিত এলাকাবাসী তার এমন সৎ ও স্পষ্ট বক্তব্যের প্রশংসা করেন এবং নির্বাচনে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।



















