চরভূতা ৯ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, বিজয়ী করতে ঐক্যবদ্ধ এলাকাবাসী
- আপডেট : ০৩:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহন উপজেলার ৪ নং চরভূতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আব্দুস সাত্তারের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ইউনিয়নের খাড়াকান্দি এলাকার সুলতান দালাল বাড়ির দরজায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী আব্দুস সাত্তারের পিতা সৈয়দ আহমদ।
এ সময় খাড়াকান্দি উত্তর ও দক্ষিণ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় যুবসমাজ, প্রবীণ ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুস সাত্তারের প্রার্থিতা, এলাকার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত ব্যক্তিরা মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভায় আব্দুস সাত্তার বলেন, আমি এই এলাকার সন্তান। দীর্ঘদিন ধরে আমাদের পরিবার ও আমি আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। সমানে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের খেদমত করার জন্য আমি ৯নং ওয়ার্ডে মেম্বার হিসেবে আপনাদের সকলের সম্মতি নিয়ে নির্বাচন করবো। আমার মূল উদ্দেশ্য সমাজ থেকে মাদক, ইভটিজিং ও অন্যায় অপরাধ নিমূল করা। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমি ৯নং ওয়ার্ডটিকে একটি সুন্দর ও আলোকিত ওয়ার্ডে পরিনত করবো।
এ সময় উপস্থিত এলাকাবাসী আব্দুস সাত্তারের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরভূতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


















