মেধাবী জুবায়েরের স্বপ্নপূরণে পাশে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক, মাসে ৫ হাজার টাকা সহায়তা
- আপডেট : ০৬:১৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সুরাইয়া তাসনিম, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
উচ্চশিক্ষার স্বপ্নপূরণে আর্থিক সংকট যেন বাধা হয়ে না দাঁড়ায়—এ লক্ষ্যেই এক মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ আল শামসুদ্দোহা। নটরডেম কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুবায়ের ইসলাম হামিদকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ২০২৬-এর ফল প্রকাশের পর প্রথম আলোর অনলাইন প্রতিবেদনে জুবায়ের ইসলাম হামিদের মেধা ও উচ্চশিক্ষার স্বপ্নের বিষয়টি উঠে আসে। ওই প্রতিবেদন নজরে আসার পরই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সোহরাওয়ার্দী কলেজের এই শিক্ষক।
১৪ নভেম্বর ২০২৬ তারিখে দেওয়া এক লিখিত সম্মতিপত্রে মাসুদ আল শামসুদ্দোহা জানান, ব্যক্তিগত সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি শিক্ষার্থীকে এই সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্মতিপত্র অনুযায়ী, জুবায়েরকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে।
শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথচলা সহজ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাসুদ আল শামসুদ্দোহা। তাঁর এ উদ্যোগকে একজন শিক্ষকের সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে আর্থিক সহায়তা অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখার অনুপ্রেরণাও জোগাতে পারে।


















