জাতীয় বিতর্কের মঞ্চে সাফল্য, ছায়া সংসদে চ্যাম্পিয়ন সোহরাওয়ার্দী কলেজ
- আপডেট : ০৮:০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সুরাইয়া তাসনিম, শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। প্রতিযোগিতায় সরকারি দলের হয়ে অংশ নিয়ে কবি নজরুল সরকারি কলেজকে পরাজিত করে শিরোপা জেতে কলেজটির বিতার্কিক দল।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ভেতরে ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের চেয়ে নাগরিক সচেতনতা অধিক গুরুত্বপূর্ণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে সরকারি দল হিসেবে অংশ নেয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে কবি নজরুল সরকারি কলেজ।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
চ্যাম্পিয়ন দলের বিতার্কিক মো. শাহরিয়ার আজিম বলেন,সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং সোসাইটির এই অর্জন নতুন বিতার্কিকদের জাতীয় পর্যায়ে ন্যাশনাল ডিবেট, টেলিভিশন বিতর্কসহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ ও ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে বলে আমি আশাবাদী। আমাদের উৎসাহ দিতে আরও পাঁচজন বিতার্কিকসহ কলেজের অনেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাঁদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন,কবি নজরুল সরকারি কলেজকে পরাজিত করে এই বিজয় অর্জনে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলি মুখোপাধ্যায়, ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মোছা. আছমা আক্তার বেলী, ফখরুল ইসলাম স্যার এবং সংগঠনের সভাপতির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় আমাদের এই সাফল্য এসেছে।
বিজয়ী দলের বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. মোছা. আছমা আক্তার বেলী বলেন, আজকের বিতর্কে কবি নজরুল সরকারি কলেজকে হারিয়ে সোহরাওয়ার্দী কলেজ বিজয়ী হয়েছে। এতে অংশগ্রহণকারী সব বিতার্কিককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই অর্জন তাদের সততা ও অধ্যবসায়ের ফল।
এ বিজয়ের মধ্য দিয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিতার্কিকদের সাফল্যের ধারায় নতুন একটি অর্জন যুক্ত হলো। সংশ্লিষ্টদের আশা, এ সাফল্য কলেজের শিক্ষার্থীদের বিতর্কচর্চায় আরও উৎসাহিত করবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করবে।


















