বর্ণাঢ্য আয়োজনে সোহরাওয়ার্দী কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান
- আপডেট : ১০:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
সুমাইয়া তাসনিম,সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধিঃ
রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের আয়োজনে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজের সাংবাদিক মেহেদী হাসান অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ২০২১–২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মশিউর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আছমা আক্তার বেলি, অধ্যাপক এজাজুল করিম, অধ্যাপক নিজাম উদ্দিনসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের যাত্রাকে আনন্দময় ও স্মরণীয় করে তোলা এবং বিদায়ী শিক্ষার্থীদের দীর্ঘদিনের শিক্ষাজীবনের স্মৃতিকে উদ্যাপন করাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠান সম্পর্কে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাতেমা আইরিন বলেন, “আমাদের পদার্থবিজ্ঞান বিভাগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও সিনিয়রদের বিদায় উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীনদের পদচারণায় বিভাগে ফিরে আসে নতুন প্রাণচাঞ্চল্য। অনুষ্ঠানে বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকের বক্তব্য এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। সব মিলিয়ে, এটি ছিল আনন্দময় ও স্মরণীয় একটি আয়োজন।”
২০২১–২২ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থী ইসমাইল হোসেন মুন্না তার বক্তব্যে বলেন, “আজকের নবীনবরণ আমাদের জন্য আনন্দের পাশাপাশি আবেগেরও। চার বছরের ক্যাম্পাসজীবনে শিক্ষক, সিনিয়র, জুনিয়র ও সহপাঠীদের সঙ্গে কাটানো স্মৃতিময় মুহূর্তগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। শিক্ষকদের শিক্ষা, শাসন, ভালোবাসা ও দিকনির্দেশনা আমাদের সামনে এগিয়ে যেতে শিখিয়েছে।”
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শুধু পরীক্ষায় ভালো ফলাফলের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে দক্ষ, সৎ ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষকদের সম্মান, বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করার পাশাপাশি ক্যাম্পাসজীবনে এমন সুন্দর স্মৃতি তৈরি করতে হবে, যা ভবিষ্যতে আনন্দের সঙ্গে স্মরণ করা যায়।”
পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আছমা আক্তার বেলি বলেন, “তোমরা শিক্ষকদের সম্মান করবে এবং তাদের আদেশ-নির্দেশ মেনে চলবে। একই সঙ্গে আমাদের প্রতিষ্ঠানে যাঁরা কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের সঙ্গেও অত্যন্ত ভালো ও সম্মানজনক আচরণ করবে। মানুষকে সম্মান করা একটি মহৎ গুণ, যা তোমাদের মনুষ্যত্ব ও ব্যক্তিত্বের পরিচয় বহন করে। মনে রাখবে, তুমি যত বেশি অন্যকে সম্মান করতে শিখবে, ততই নিজের ব্যক্তিত্ব, মূল্যবোধ ও মহত্ত্বের পরিচয় দিতে পারবে।”
তিনি আরও বলেন, “তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। তোমাদের চার বছরের অনার্সের শিক্ষাজীবন সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক এবং এই শিক্ষাজীবন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে কাজে লাগুক—এটাই আমার প্রত্যাশা। জীবনের পরবর্তী প্রতিটি ধাপে তোমরা সফলতা অর্জন করবে, নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখবে এবং ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে—এই কামনা করি। তোমাদের সবার জন্য আবারও আন্তরিক শুভকামনা রইল।”
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করা হয়।


















